Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিট দখল নিয়ে ছাত্রদলের দু'পক্ষের উত্তেজনা, ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ

admin • 16 Sep 2025, 05:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিট দখল নিয়ে ছাত্রদলের দু'পক্ষের উত্তেজনা, ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্র হলে সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।  এ ঘটনায় এক নেতার বিরুদ্ধে অপর নেতাকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। 

 

গতকাল সোমবার (১৪ আগস্ট) ভুক্তভোগী ছাত্রদল নেতা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ এবং তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিলে সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেনের রুমে (হল-২০৩ নম্বর) প্রবেশ করেন।

 

এ সময় একটি সিট দখল নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। ইকরাম হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, সংশ্লিষ্ট সিটে পূর্বে সমাজকর্ম বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সোহান ও রাশেদ অবস্থান করতেন। হলে নতুন সিট বরাদ্দে নিষেধাজ্ঞা থাকায় তিনি আপত্তি জানান।

 

কিন্তু অভিযুক্তরা সিএসই বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল সদস্য মো. জোবাইদ হোসাইনকে জোর করে সেখানে বসাতে চান। ব্যক্তিগত জিনিসপত্র সরাতে গেলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে জোবাইদ হাতে থাকা একটি ছুরি নিয়ে ইকরামকে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে উদ্যত হন। তবে উপস্থিত অন্যরা দ্রুত তাকে আটকালে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে ১৪ সেপ্টেম্বর ইকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল সদস্য মো. জোবাইদ হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ভিত্তিহীন ও মিথ্যা। আমাকে শুধু ডাকা হয়েছিল, হত্যাচেষ্টার কোনো ঘটনা ঘটেনি।

 

অভিযুক্ত যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ঘটনাটির সত্যতা স্বীকার করলেও হত্যাচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। ইকরাম ভাই মা-বাবাকে গালি দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে আমরা সঙ্গে সঙ্গেই জোবাইদকে আটকিয়ে বাইরে নিয়ে যাই।

 

এ ঘটনায় অভিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কল কেটে দেন, পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ড. সাদিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডেকেছি। প্রাথমিকভাবে বসে সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।