Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি চাকরিজীবীদের সকালে উপস্থিতি বাধ্যতামূলক

admin • 04 Mar 2026, 03:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সরকারি চাকরিজীবীদের সকালে উপস্থিতি বাধ্যতামূলক

সরকারি অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়। প্রশাসনিক কাজের গতি ও নাগরিক সেবা আরও কার্যকর করতে এবার কঠোর নিয়ম চালু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। গত ২ মার্চ এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়, যা আগের ২০২১ ও ২০১৯ সালের নির্দেশনার পুনর্বহাল বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসমুখী হয়ে পথে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, প্রশিক্ষণ বা ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেওয়ায় নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারেন না। এতে জনগণের সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তঃদপ্তর সমন্বয়ে বিঘ্ন ঘটে, যা সরকারের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই ঘাটতি কাটাতেই নতুন এই বাধ্যবাধকতা।

তবে কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রাখা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে না থাকা শিক্ষক, হাসপাতাল ও জেলখানায় রোস্টারভিত্তিক কর্মী, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীর মাঠপর্যায়ের সদস্য এবং ভিভিআইপি প্রটোকল বা কূটনৈতিক সভায় অংশগ্রহণকারীদের জন্য এটি শিথিল থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি আবশ্যক।

এ ছাড়া ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ ও ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর আলোকে সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ বা দপ্তরবহির্ভূত কাজে অংশ নেওয়া নিষিদ্ধ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই সকাল ৯টার আগে সচিবালয়ে উপস্থিত হয়ে অফিস শুরু করছেন, যা নতুন নির্দেশনার বাস্তবায়নে উদাহরণ হিসেবে কাজ করছে বলে মনে করছেন অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।