রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে কোকেনসহ দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি জানান, দক্ষিণপূর্ব আফ্রিকান দেশ মালাউইয়ের একজন নাগরিককে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ কর্মকর্তা।





