Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রুমে প্রবেশে অনুমতির প্রয়োজন নেই, ওসির ডোর প্লেটে লেখা ভাইরাল

admin • 14 Dec 2023, 09:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রুমে প্রবেশে অনুমতির প্রয়োজন নেই, ওসির ডোর প্লেটে লেখা ভাইরাল

কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির প্রয়োজন হয় সর্বসাধারণের। সাধারণ মানুষ সরাসরি ওসির রুমে ঢুকে তার সঙ্গে কথা বলবেন, সচরাচর এটা খুব একটা দেখা যায় না। ব্যতিক্রম চিত্র দেখা গেল গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানায়। এখানে ওসির দরজায় ঝুলছে ‘ওসির রুমে প্রবেশ করতে অনুমতির প্রয়োজন নেই’ লেখা ডোর প্লেট।

 

সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে ওসি কামরুজ্জামানের ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কেউ কেউ সমালোচনাও করছেন। সামনে আনছেন, থানার অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানান অভিযোগের কথা।

 

জানা যায়, ওসি কামরুজ্জামান ২ নভেম্বর যোগদান করেন পূবাইল থানায়। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিতে থাকেন ভিন্নধর্মী সেবামূলক বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে রয়েছে- এলাকায় সিসি ক্যামেরা কার্যক্রম ও মনিটরিং জোরদার, এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের তড়িৎ সমাধানের উদ্যোগ ইত্যাদি।

 

আইনি সেবা নিতে পূবাইল থানায় আসা রবিউল ইসলাম বলেন, থানায় এসে দেখলাম ওসির রুমের সামনে ঝুলানো ডোর প্লেটে লেখা, তার রুমে প্রবেশ করতে অনুমতি লাগবে না। পূবাইল থানায় এমনটা প্রথম দেখলাম। বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। বর্তমান ওসি বিনয়ী ও আন্তরিক।

 

তবে মিশ্র প্রতিক্রিয়াও দেখিয়েছেন কেউ কেউ। অপরাধী ও দালাল চক্রের সঙ্গে পূবাইল থানার অন্যান্য পুলিশ সদস্যদের সখ্য এবং আইনশৃংখলা রক্ষায় তাদের ভূমিকা বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকের মধ্যে রয়েছে তিক্ত অভিজ্ঞতাও।

সেবাগ্রহীতাদের জন্য নতুন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ওসি কামরুজ্জামান যুগান্তরকে বলেন, আমি খেয়াল করেছি মানুষ ওসির রুমে ঢুকতে ইতস্তত বোধ করে,ভয় পায়। আইনি সহায়তা নিতে কোনো মাধ্যম ছাড়া যেন সবাই থানায় আসতে পারে তার জন্যই আমার এই উদ্যোগ। মাধ্যম ছাড়া সর্বস্তরের জনতার আইনি সহায়তা সহজে বিনা বাধায় পাওয়ার জন্য আমার এই উদ্যোগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।