রাজধানীর মৎস্য ভবন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে পা ভেঙেছে মাহমুদা বেগম শিমু নামে এক শিক্ষিকার। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি স্বামীর সঙ্গে রিকশায় যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী। এতে তিনি রিকশা থেকে পড়ে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এমন একটি ঘটনার কথা শুনে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ভুক্তভোগী অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।
ওই নারীর স্বামী এনজিও কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, তার স্ত্রী উদয়ন স্কুলে শিক্ষকতা করেন। শুক্রবার একটি রিকশায় তারা দুজন এবং অপর রিকশায় তাদের সন্তানরা কাকরাইলে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই রিকশার পাশ থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।





