রাজধানীর যাত্রাবাড়ীতে শারমিন আক্তার (২৩) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃত শারমিন ঝালোকাঠির নলছিটি উপজেলার বৈশাখিয়া গ্রামের জলিলুর রহমানের মেয়ে।
শারমিনের পিতা জলিলুর রহমান জানান, মাত্র ১৯ দিন আগে বিল্লাল নামে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। এর আগেও বিল্লাল তিনটি বিয়ে করেছেন। তবে বিষয়টি তিনি গোপন রেখেছিলেন। এটি জানতে পেরে অভিমানে ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শারমিন।
তিনি বলেন, আমরা মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান যে, আমার মেয়ে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।





