জামালপুরের মেলান্দহে ইটভাটায় সরবরাহের জন্য অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে অভিযান চালিয়ে এক ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চারাইলদার এলাকার ই.এল.টি ব্রিকস নামের এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান।
জানা যায়, উপজেলার মাহমুদপুর ও কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটাতে নিয়ে যাচ্ছিল ইটভাটা মালিক। এতে ওসব জমির উর্বরতা কমে উৎপাদন কমে যাওয়া সহ ওই এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে অভিযান পরিচালনা করে ওই ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন।
এ সময় ইটভাটার ম্যানেজার ওই এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শফিকুল ইসলাম নগদ ১ লাখ টাকা প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর বলেন, "টপ সয়েল ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ১৫ (১) ধারায় শাস্তি অনুযায়ী, কৃষি জমির টপ সয়েল মাটি কর্তন করে ইট ভাটায় বিক্রি করা দন্ডনীয় অপরাধ। অপরাধীরা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।"





