মাছের উচ্ছিষ্ট, মুরগির নাড়িভুঁড়িসহ বিভিন্ন প্রাণীর বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে মাছ ও পোলট্রি ফিড। আর এসব বর্জ্য পোড়ানোর তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা। পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই নরসিংদীর পাঁচদোনার কবিরাজপুর দাসপাড়া আবাসিক এলাকায় প্রায় তিন বছর ধরে এ কারখানা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।
সরেজমিনে দেখা যায়, জনবসতিপূর্ণ এলাকার মধ্যে গড়ে তোলা হয়েছে মাছ ও পোলট্রি ফিড তৈরির কারখানা। সেখানে মাছের উচ্ছিষ্ট, মুরগির নাড়িভুঁড়িসহ বিভিন্ন প্রাণীর বর্জ্য আগুনে পুড়িয়ে ও প্রক্রিয়াজাত করে ফিড তৈরির কার্যক্রম চলছে। এসব বর্জ্য পোড়ানোর ফলে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র ও ঝাঁঝালো দুর্গন্ধ।
স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার দুর্গন্ধে ঘরে বসবাস করা, রান্নাবান্না করা এমনকি স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এলাকার অনেকে শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রায় তিন বছর ধরে আবাসিক এলাকায় এভাবে কারখানাটি পরিচালিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় কারখানাটি পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিভিন্ন সময় বাধা দিয়েও কোনো সুফল পাননি এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় প্রাণিজ বর্জ্য পোড়ানোর এমন কার্যক্রম বন্ধ করে কারখানাটি দ্রুত আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করে কারখানাটির কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু পরিদর্শন বা আশ্বাস নয়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





