গত ১০ দিনে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’-এর ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।
চিঠিতে বলা হয়েছে, কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি অফিসে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালকের সই করা ওই চিঠিতে বলা হয়, ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে পাঁচটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। চিঠিতে বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে বলা হয়, দেশের ৬৪ জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। প্রধান কার্যালয়সহ সারা দেশে নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। এছাড়া প্রতিটি শাখার ক্ষয়ক্ষতির হিসেবও তুলে ধরা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এসব ঘটনায় অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, সদস্যসেবা ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ব্যাহত করতে পারে।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ গণমাধ্যমকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংককে টার্গেট করে হামলা করা হচ্ছে। এটি কেন করা হচ্ছে তা জানি না। তবে বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে, এই সন্ত্রাসীরা কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের স্লোগান দিয়ে হামলা করেছে। এখনও তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ডকুমেন্ট, কাগজপত্র, রেকর্ডপত্র তারা পুড়িয়ে দিয়েছে। দারিদ্র্যপীড়িত মানুষকে ক্ষুদ্রঋণ প্রদানকারী এই ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি আমরা।’
ব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত।
সদস্যদের কাছে ঋণ হিসেবে থাকা অর্থের পরিমাণ প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংকে জমা এবং সরকারের স্বল্পমেয়াদি ঋণপত্রে (ট্রেজারি বিল) বিনিয়োগ করা আছে।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটিতে হামলা শুধু একটি ব্যাংকের সম্পদ ও অবকাঠামোর ক্ষতি নয়। বরং এর সঙ্গে দেশের কোটি মানুষের সঞ্চয়, ঋণ কার্যক্রম, জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয় জড়িত। ফলে হামলা অব্যাহত থাকলে সদস্যদের আস্থা, আর্থিক সেবার ধারাবাহিকতা এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার পর থেকে ২০১১ সালের ১১ মে পর্যন্ত তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।





