Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মহানবী (সা.) কোন আমল জীবনে কখনও ছাড়েননি, জানালেন আহমাদুল্লাহ

admin • 05 Mar 2026, 08:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মহানবী (সা.) কোন আমল জীবনে কখনও ছাড়েননি, জানালেন আহমাদুল্লাহ

হযরত মুহাম্মদ (সা.) জীবনে কখনো রমজান মাসের শেষ দশকে ইতেকাফের আমল ছাড়েননি বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘যে আমলটি রাসুল (সা.) জীবনে কখনো ছাড়েননি, সেই আমলটি অধিকাংশ মানুষ আমরা জীবনে একবারও করিনি। সেই অবহেলিত আমলটির নাম ইতেকাফ।’

ওই পোস্টের কমেন্টে আহমাদুল্লাহ লেখেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনোযোগ অত্যন্ত বিক্ষিপ্ত। ফেসবুকের রিলসের মতোই আমাদের ভাবনাগুলো ক্রমাগত দৌড়াতে থাকে। মনোযোগ দিয়ে কোনো লেখা পড়ার কিংবা কোনো বিষয় নিয়ে ভাবার অবকাশ আমাদের হয় না। এ কারণে দু রাকাত নামাজও পূর্ণ মনোযোগ দিয়ে খুব কম মানুষই আমরা পড়তে পারছি। এই চরম অস্থিরতা থেকে নিজেকে খুঁজে পেতে ইতেকাফ এক অনন্য মাধ্যম হতে পারে।’

ইতেকাফ দুনিয়াবি ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত করে মানুষকে একান্তভাবে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করার সুযোগ করে দেয় বলে জানান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘এই ইবাদতটি মূলত নিজের গুনাহ, আখেরাত এবং মহান রবের সঙ্গে সম্পর্ক গভীরভাবে উপলব্ধির এমন সুযোগ, যা জীবনে খুব কমই আসে।’

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সিয়াম বা রোজা যেমন আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়, ইতেকাফ তেমনি আমাদের আত্মাকে আল্লাহর ঘরে বেঁধে ফেলে আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যায়। এটি রাসুল (সা.)-এর এক গুরুত্বপূর্ণ সুন্নত ও তার জীবন্ত আদর্শ।’

ইতেকাফ রমজানের ইবাদতকে পূর্ণতা দান করে বলে জানান শায়খ আহমাদুল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।