কোনো ভোটারকে হুমকি ও ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিলে তার জায়গা হবে জেলখানায় বলে হুশিয়ারি করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। বুধবার সন্ধায় তার নির্বাচনী পথসভায় একথা বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার আশুরহাট নতুন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বাবলু রহমানের সভাপতিত্ব ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাক প্রতীকের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টুলু, ইউনিয়ন আওয়ালীগীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী পথসভায় বক্তারা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম দুলালকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন , আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল ভোটারদের উদ্দেশ্য বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে শৈলকুপার জনপদ থেকে মারামারি হানাহানি নির্মূল করবো, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, প্রশাসন কঠোর আছে,আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। কেউ বাধা দিলে তার জায়গা হবে জেলখানায়।





