রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় বহিরাগতদের মারধরের শিকার হয়েছেন চার শিক্ষার্থী।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পার্ক মোড়ে রংপুর-কুড়িগ্রাম ও লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের জানান, প্রায়ই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত দ্বারা হেনস্তার শিকার হন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থীকে কয়েকজন বহিরাগত ছেলে শ্লীলতাহানি করে। এ সময় তাৎক্ষণিকভাবে তাঁর সহপাঠীরা প্রতিবাদ জানান।
এতে বহিরাগতরা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীদের ওপর মারধর করে। এতে চার শিক্ষার্থী আহত হন। এর পরই জড়িতদের বিচারের দাবিতে রংপুর-কুড়িগ্রাম সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী এই অবরোধে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী ও তাজহাট থানা পুলিশ। পরে এ ঘটনায় উপাচার্যের পদক্ষেপে দুইজনকে আটক করা হলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।





