বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি– পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব’।
চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব, ফিজিক্যাল থেরাপিস্টদের ভূমিকা ও অবদান চিকিৎসা-সংশ্লিষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোর লক্ষ্যে ১৯৫১ সাল থেকে দিবসটি পালিত হয়ে থাকে। এ উপলক্ষে আজ সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হবে। হার্ট অ্যাটাক, সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। অর্থোপেডিক্স, কার্ডিও পালমোনারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গাইনোকলজির মতো বহু রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশে ফিজিওথেরাপি সেবা নিয়ে এসেছিলেন মানবতার প্রতীক ব্রিটিশ নাগরিক ভেলোরি টেইলর। সাভারের চাপাইন গ্রামে গড়ে তোলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি। প্যারালাইসিসসহ বিভিন্ন ইনজুরিতে সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ প্রতিষ্ঠান। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে বিভিন্ন ধরনের আঘাতজনিত ব্যথার চিকিৎসা নিচ্ছেন অনেকে।
দেশে রয়েছে ফিজিওথেরাপি শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফিজিওথেরাপি বিভাগ। কিন্তু সরকারি পর্যায়ে তাদের চাকরি খুবই কম। সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের।





