Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিয়ে নিয়ে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে প্রতিবেশীর মৃত্যু

admin • 24 Mar 2026, 10:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ে নিয়ে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে প্রতিবেশীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের বিষয় নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে হওয়া সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। পরে তার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
এর আগে গতকাল সোমবার (২৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহজাহান আলীর ছেলে সোহেল রানা (৩৫) এবং সেকেন্দার আলীর ছেলে মঞ্জু মিয়া (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে চাপারকোনা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রনি মিয়ার বিয়ের কাবিন প্রায় এক মাস আগে সম্পন্ন হয়। কাবিনের পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন রাতে স্ত্রী নিতে রনি মিয়া শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তার সঙ্গে কয়েকজন স্বজনও ছিলেন। কিন্তু মেয়ের বাবা লিটন মিয়া মেয়েকে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন প্রতিবেশী সোহেল রানা। অভিযোগ রয়েছে, লিটন মিয়ার পক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ধানক্ষেতে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে মৃতদেহ দেখে মঞ্জু মিয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিবাহের বিষয় নিয়ে শালিস বৈঠকে মারামারি হয়। সোহেল রানা নামে একজনের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যজন হৃদরোগে মারা যান। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।