ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে সানিয়া আক্তার (২৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। নিহত ওই তরুণী উপজেলার মোগড়া ইউপির ধাতুরপহেলা গ্রামের শাহআলমের মেয়ে ও একই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।
পারিবারিক কলহের জেরে রোববার (১৪ জুলাই) রাতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ ঘটনার পর সোমবার (১৫ জুলাই) সবার অজান্তে বিষাক্ত ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেন।
জানা যায়, প্রায় ৪ বছর আগে ধাতুরপহেলা গ্রামের আক্কাস আলীর ছেলে জুয়েল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। দুই পরিবারের লোকজন বেশ কয়েকটি সালিশ করে সমস্যা মিটিয়ে দেন। একপর্যায়ে কোনো উপায় না পেয়ে উভয় পরিবারের লোকজন বৈঠক করে রোববার তাদের বিচ্ছেদ করেন।
বিচ্ছেদের পর তিনি তার বাপের বাড়িতে চলে আসেন। কিন্তু এর পরও তারা দুজন নানা বিষয় নিয়ে এলোপাতাড়ি কথা বলেন। সোমবার সকালে সবার অজান্তে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ঘরের মধ্যে ছটপট করতে থাকেন সানিয়া আক্তার। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তবে এ ঘটনার খোঁজ খবর নেয়া হচ্ছে।





