Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিএসএমএমইউর ব্যয় নিরীক্ষায় আইন সংশোধন

admin • 17 Jul 2023, 07:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএসএমএমইউর ব্যয় নিরীক্ষায় আইন সংশোধন

‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় মহা হিসাব নিরীক্ষককে দিয়ে বিএসএমএমইউর ব্যয় নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন আমাদের আছে, যেটি ১৯৯৮ সালে প্রণয়ন করা হয়েছিল। সেই আইনের কয়েকটি জায়গায় পরিবর্তনের জন্য সংশোধনী আনা হয়েছে।

ওই আইনে ভিসি, প্রো-ভিসি বা ট্রেজারারের মেয়াদ আছে তিন বছর। কিন্তু অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের মেয়াদ চার বছর। তার সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে নতুন সংশোধনীতে– জানান মন্ত্রিপরিষদ সচিব।

মো. মাহবুব হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব বিশ্ববিদ্যালয়ে একটা ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তৈরি করার নির্দেশনা দিয়েছিল, সেটা আইনের মধ্যে নেওয়া হয়েছে। আরেকটা হলো, বিশ্ববিদ্যালয়ের ব্যয়টা আছে সেটা মহা হিসাব নিরীক্ষকের আওতায় অডিট করার বিধান আগে ছিল না, সেই সুযোগটা রাখা হয়েছে।

আগের আইনে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার শব্দগুলো থাকলেও সেগুলোর জায়গায় বাংলায় আচার্য, উপাচার্য বা উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।