বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে এক কেএনএফ সদস্য নিহত ও একজন কে আটক করেছে সেনাবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। অভিযানের সময় কেএনএফের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হয়েছে।
বুধবার সকালে রুমা উপজেল রেমাক্রি প্রাংশা ইউনিয়নের দুর্গম সিমত্লাংপি পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। হতাহতদের এখনো কোনো পরিচয় পাওয়া না গেলেও থানচি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে,বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমী ওই এলাকা থেকে একজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম বুধবার সকালে থানচি উপজেলা সদরের কাছাকাছি রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দূর্গম সিমত্লাংপি পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে কেএনএফের একটি ঘাটিতে অভিযানের সময় একজন আটক ও ১ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় উদ্ধার করা হয় দু’টি দেশীয় তৈরি বন্দুক কার্তুজ ও বিপুল পরিমাণ সরঞ্জাম। অভিযানের সময় কেএনএফের পুতে রাখা আইডি বিস্ফোরণে স্থানীয় দুজন সদস্য আহত হয়। এ ঘটনার পর ওই এলাকায় এখনো যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছে।





