বগুড়া কারাগার থেকে মৃত্যু দণ্ডপ্রাপ্ত চার কয়েদির পলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩ টার দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে তারা পলায়ন করে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে চারটার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।





