রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদুল কিশোরগঞ্জ ভৈরব উপজেলার মো. মহিউদ্দিনের ছেলে।
জাহিদুলকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল জলিল (ম্যানেজার) জানান, জাহিদুল তেজগাঁও শিল্প এলাকার পাটোয়ারী মটরসের একজন স্টাফ। কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।





