রাজধানীর ওয়ারীতে ট্রাকের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মারা গেছেন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওয়ারীর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মহিউদ্দিন।
ওয়ারী থানার উপপরিদর্শক আনিস নেসার ঘটনাস্থলেই মহিউদ্দিনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির কিছু অংশ কেটে মরদেহটি বের করার চেষ্টা করছেন। পরে মরদাহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, ট্রাকটি প্রাইভেটকারকে চাপা দেওয়ার সময় ভেতরে চালকসহ ৩ জন ছিলেন। এ সময় দুজন বের হতে পারলেও একজন প্রাইভেটকারেই আটকা পড়েন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটিতে স্টিলের পাতের বড় বড় রোল ছিল।
তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।





