Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রশ্ন শোনেই সাংবাদিককে মারধর, আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ

admin • 25 Dec 2023, 07:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রশ্ন শোনেই সাংবাদিককে মারধর, আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ

সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বাঁশখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা এ তথ্য জানান।

 

তিনি জানান, রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।

 

হারুন মোল্লা বলেন, বড় দিন উপলক্ষে সোমবার সরকারি ছুটিতে আদালত বন্ধ থাকায় মামলা দায়ের করতে পারিনি। আগামীকাল মঙ্গলবার আদালতে নির্বাচন কমিশনের নির্দেশে মামলা দায়ের করা হবে।

 

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম জেলা এবং বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কমিশনের মামলা দায়েরের সিদ্ধান্ত জানানো হয়।

 

গত ৩০ নভেম্বর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের কাছে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার রাকিব উদ্দিন। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী তেড়ে গিয়ে ওই সাংবাদিককে ঘুষি মারেন। এক পর্যায়ে ক্যামেরা ট্রাইপড ও বুম ছুড়ে ফেলে দেন।

 

এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ করলে এমপির সঙ্গে থাকা নেতা-কর্মীরাও তাদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। পরে এমপি দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যান। এ সময় সাংবাদিকরা গাড়ির গতিরোধ করে তার বক্তব্য নিতে চাইলে সেখানেও এমপির দলবল সাংবাদিকদের ওপর হামলা করেন এবং এমপি নিজ গাড়ি দিয়ে সাংবাদিকদের চাপ দিতে দিতে দ্রুত পালিয়ে যান।

 

এ বিষয়ে অভিযোগ দেয়ার পর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সালেম মো. নোমানের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়। কমিটি উভয়পক্ষের জবাব শুনে কমিশনে প্রতিবেদন পাঠান। কমিটির অনুসন্ধান প্রতিবেদনে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও মারধর করে মাটিতে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

 

নির্বাচন কমিশনকে দেয়া কমিটির প্রতিবেদনে বলা হয়, মোস্তাফিজুর ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ৮ (খ) বিধি লঙ্ঘন করেছেন।

 

এর ভিত্তিতে নির্বাচন কমিশন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মোস্তাফিজুরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নিয়মিত অভিযোগ দায়েরের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয় কমিশন।

 

মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।