Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রটোকল ভেঙে দাফন কাজে অংশ, প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী

admin • 29 Mar 2026, 07:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রটোকল ভেঙে দাফন কাজে অংশ, প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে রাষ্ট্রীয় প্রটোকল উপেক্ষা করে এক ব্যক্তির দাফন কাজে সরাসরি অংশ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক দুটি কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। এ সময় সড়কের পাশে একটি কবরস্থানে দাফন কার্যক্রম চলতে দেখে তিনি গাড়িবহর থামিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাড়ি থেকে নেমে কোনো দ্বিধা ছাড়াই কবরস্থানে প্রবেশ করেন তিনি। পরে নিজেই কবরে নেমে মরদেহ দাফনের কাজে অংশ নেন এবং খাটিয়া থেকে মরদেহ নামিয়ে কবরে শায়িত করার কাজে সহযোগিতা করেন।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব মো. এনামুল কাদির বলেন, একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখা সত্যিই ব্যতিক্রমী অভিজ্ঞতা। এতে উপস্থিত সবাই আবেগাপ্লুত হন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, একজন প্রতিমন্ত্রী নিজ হাতে লাশের খাটিয়া ধরবেন এবং কবরে নামবেন—এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তাঁর এই আচরণ মানুষের প্রতি আন্তরিকতারই প্রকাশ।
স্থানীয় বাসিন্দারা জানান, পদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন দৃশ্য বর্তমান সময়ে বিরল। তাঁদের মতে, জনপ্রতিনিধিদের জন্য এটি অনুসরণযোগ্য উদাহরণ।

দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি পুনরায় তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।