ভোলার লালমোহন উপজেলায় রাসেল ভাইপার ভেবে আতঙ্কে অন্য প্রজাতির একটি সাপকে পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয়রা। এ সময় ওই সাপটির পেট থেকে অন্তত ১৭টি বাচ্চা বেরিয়ে আসে। শনিবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার মোতাহার নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে এ ঘটনা ঘটে।
চর কচুয়াখালীর বাসিন্দা মো. সুমন জানান, সন্ধ্যায় টর্চ লাইটের আলোতে স্থানীয় বাজারে যাচ্ছিলেন সালাম। এ সময় তিনি দেখতে পান একটি সাপ আজিজুল নামে এক ব্যক্তির ঘরে ঢোকার চেষ্টা করছে।
পরে তিনি ওই সাপটিকে রাসেল ভাইপার সাপ ভেবে পিটিয়ে মেরে ফেলেন। সাপটির মৃত্যুর সময় পেট থেকে বের হয় ১৭টি বাচ্চা। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
মেরে ফেলা সাপের বিষয়ে জানতে লালমোহনের রেঞ্জ বন কর্মকর্তা আশিষ কুমারের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মেরে ফেলা সাপটি কালকেউটে জাতের সাপ বলে ধারণা করা হচ্ছে।





