চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে শুক্রবার (২২ আগস্ট) এক কিশোরকে পিটিয়ে হত্যা ও দুজনকে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ছেলে মো. রিহান মাহিনের (১৫) মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন মা খাদিজা আকতার। তার বিলাপে নিস্তব্ধ হয়ে পড়ে আশপাশের পরিবেশ। এমন নৃশংস ঘটনা ভুলতে গ্রামের বাসিন্দাদের হয়তো অনেক সময় লাগবে।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চন নগর ইউনিয়নের মধ্যম কাঞ্চন নগর গ্রামের তালুকদার বাড়ির কাছে একটি চায়ের দোকানের সামনে ভিড়। দোকানি মুহাম্মদ লোকমান আর তার স্ত্রী খাদিজা আকতারকে ঘিরে আছেন উপস্থিত লোকজন। কাছে যেতেই শোনা গেল খাদিজার বিলাপের শব্দ। এক জোড়া স্যান্ডেল বুকে চেপে ধরে বলছিলেন, ‘আমার বুকের ধন, ছেলেটা শেষ মুহূর্তে একটু পানি চাইসিল। তা-ও দিতে দেয় নাই তারা। আমর সামনে পিটাই পিটাই ছেলেরে মারসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টায় একটি অটোরিকশা নিয়ে বাড়ির সামনে রিহানের বাবার চা- দোকানের পাশে নামে তিন কিশোর। এ সময় হঠাৎ চোর চোর বলে তাদের ধাওয়া করেন লাঠিসোঁটা হাতে থাকা সাত থেকে আটজন। তাদের পিটুনি থেকে বাঁচতে রিহানরা দৌড়ে আশ্রয় নেয় নিজের বাড়ি থেকে ২০০ গজ দূরের নির্মাণাধীন একটি দোতলা বাড়ির ছাদে।
পরে সেখান থেকে তাদের ধরে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে নেওয়া হয় একটি সেতুর ওপর। সেখানে তিনজনকে বেঁধে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে পেটানো হয় তিনজনকে। মারধরে মৃত্যু হয় রিহানের। শুক্রবার সন্ধ্যায় রিহানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





