পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খানের একটি সড়কপাশের পুলিশ তল্লাশিচৌকিতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী ধরনের এবং হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্ফোরণস্থলের আশপাশও ঘিরে রাখা হয়েছে।
পাকিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যাদের পাকিস্তান তালেবান নামেও পরিচিত, এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও সরকারি স্থাপনা লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলা হয়েছে। বিশেষ করে ডেরা ইসমাইল খানসহ প্রদেশটির বিভিন্ন জেলায় টিটিপি ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা পাকিস্তানের নিরাপত্তা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
শনিবারের হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা





