Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

admin • 30 Mar 2026, 06:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল

পঞ্চগড়ের পাঁচ উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। নতুন এ ব্যবস্থার আওতায় মোটরসাইকেলে তেল নিতে হলে নির্ধারিত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

 

জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন এবং হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। শুধুমাত্র মোটরসাইকেলের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

 

আবেদনকারীদের ফুয়েল কার্ড সংগ্রহের জন্য উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের ওয়েবসাইট কিংবা “জেলা প্রশাসন পঞ্চগড়” ফেসবুক পেজ থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা পঞ্চগড় সদর পৌরসভার ক্ষেত্রে বিআরটিএ ইন্সপেক্টরের স্বাক্ষর নিতে হবে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া হবে না।

 

এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

 

একইসঙ্গে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এপ্রিলের ২ তারিখের পর থেকে ফুয়েল কার্ড ব্যতীত কাউকে ফুয়েল দেওয়া হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।