নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণের পর নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বুধকার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জ এবং বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার পোষাক কারখানার শ্রমিকরা অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবে কর্মস্থলে যোগ দেয় ।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ এড়াতে আগে থেকেই সমন্বিত বাহিনীর মোতায়েন, গোয়েন্দা নজরদারি এবং মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে জেলায় বিজিবির প্রায় আটটি প্লাটুন, র্যাবের ১৩টি টিম, আনসারের তিনটি ব্যাটালিয়ন এবং সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে তাৎক্ষণিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শ্রমিকদের কারখানার ভেতরেই বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত এসব উদ্যোগে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।





