মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সংগীতশিল্পী মমতাজ বেগমের পথসভা উপলক্ষে ভোটারদের জন্য মাংস-খিচুড়ি রান্না করায় তার কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে শিশু পরিবারে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টুকে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ওই জরিমানা ও খাবার জব্দ করেন।
জানা গেছে, বুধবার রাতে আঙ্গারিয়া এলাকায় নৌকার প্রার্থী মমতাজ বেগমের একটি পথসভা হয়। এ উপলক্ষে বাবুল হোসেনের বাড়িতে কর্মী-সমর্থক ও ভোটারদের খাবারের জন্য খিচুড়ি আর মাংস রান্না করে প্যাকেট করা হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে উপস্থিত হন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুনুর রশিদ জানান, নির্বাচনী আচরণবিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু বাবুল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার প্যাকেটগুলো জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবারের কাছে পাঠানো হয়েছে।





