Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

নীলক্ষেতের মসজিদে তাবলীগ জামাতের দু'পক্ষের মারামারি, নিহত ১

admin • 27 Jul 2023, 11:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নীলক্ষেতের মসজিদে তাবলীগ জামাতের দু'পক্ষের মারামারি, নিহত ১

রাজধানীর নীলক্ষেত জিলানী মার্কেটের মসজিদে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সাদ কান্ধলভীপন্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় শামসুল হক (৫৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। তিনি মাওলানা সাদের অনুসারী বলে জানা গেছে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহতের বন্ধু গোলাম সাব্বির বলেন, “বিকেলে মসজিদে আসরের নামাজ পড়ে (মাওলানা সাদের অনুসারীরা) বয়ান করে দাওয়াত দিচ্ছিলাম। এ সময় মাওলানা জুবায়েরের এক অনুসারী মসজিদে এসে বয়ান বন্ধ করতে বলেন। একপর্যায়ে তিনি মসজিদের মোয়াজ্জেম ও আমাকে (গোলাম সাব্বির) মারতে আসেন। তখন ওই মার্কেটের ব্যবসায়ী শামছুল হক ভাই ছাড়াতে আসেন। তখন আনোয়ার নামে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার বুকে কিল-ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।”

তিনি আরও বলেন, “শামসুল হককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। নিহত শামসুল হক মাওলানা সাদের অনুসারী ছিলেন বলেও জানান গোলাম সাব্বির।

নিহতের ভাই মোশাররফ বলেন, “ভাই শামছুল জিলানী মার্কেটের ব্যবসায়ী। তিনি নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে আনোয়ার আমার ভাইকে মারধর করে মেরে ফেলেছে। ওখানে তাকে আটক করা হয়েছিল। পরে সেখান থেকে সে পালিয়ে যায়।”

নিহত শামছুল হক রাজধানীর হাজারীবাগ ৮ নম্বর বুলাল মহল লেনের বাসিন্দা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।