বগুড়া শেরপুরের নাকুয়া গ্রামের ইজিবাইক চালক শাকিল আহম্মেদ (২৫) নিখোঁজ হওয়ার ২ দিন পর সোমবার সকালে পার্শবর্তী উপজেলা রায়গঞ্জের চান্দাইকোনা শ্মশান ঘাট থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইজিবাইক চালক শাকিল আহম্মেদ শনিবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে যাত্রী বহন করার একপর্যায়ে রাত ১০টার দিকে তার মায়ের সাথে ফোনে শেষ কথা হয়। তারপর থেকে সে আর বাড়িতে ফেরেনি।
এ ঘটনায় পরদিন রোববার সকালে শাকিলের পিতা শেরপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। এরই একপর্যায়ে সোমবার সকালে রায়গঞ্জ থানা পুলিশ চান্দাইকোনা শ্মশান ঘাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাকিলের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, নিখোঁজ শাকিলের বাবা গত রোববার থানায় একটি নিখোঁজের ডায়েরি করেছেন। পরে জানতে পারলাম রায়গঞ্জ থানা পুলিশ শাকিলের লাশ উদ্ধার করেছে। তারাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন।





