ভাষার মাসে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে নামফলক ও সাইনবোর্ডে বাংলায় লেখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, ডিজিটাল বিজ্ঞাপনফলক এবং বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন বাংলায় লিখতে হবে।
সম্প্রতি জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএসসিসির আওতাধীন এলাকার সকল উপযুক্ত প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনেক প্রতিষ্ঠান এখনও ইংরেজি বা অন্যান্য ভাষায় নামফলক ও সাইনবোর্ড ব্যবহার করছে, যা বিধিবহির্ভূত। তাই সংশ্লিষ্ট মালিকদের দ্রুত বাংলায় নামফলক ও বিজ্ঞাপন প্রতিস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।





