ভারতীয় লিংক হফম্যান বুশ (এলএইচবি) কোচ দিয়ে একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর থেকে এ তিনটি ট্রেন রেক পরিবর্তন করে চলাচল করবে।
রবিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, যাত্রীবাহী কোচের ব্যবহার, রেক পরিবর্তন এবং পরবর্তীতে রেকের অবমুক্ত কোচ দিয়ে ট্রেন পরিচালনার প্রস্তাবনা মোতাবেক ট্রেনের রেক প্রতিস্থাপন করে নতুন মার্শালিং-এ চলাচলের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। যা আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর একতা এক্সপ্রেস (৭০৫/৭০৬) এবং ৩০ ডিসেম্বর দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭/৭৫৮) এবং পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩/৭৯৪) এর মাধ্যমে কার্যক্রম শুরু হবে।
এ ৩টি ট্রেনের ৪টি রেকের কম্পোজিশন, মার্শালিং এবং আসন বিন্যাসে রেকে প্রথম কোচ ‘ক’ থাকবে পঞ্জগড়মুখী (বী.মু.সি.ই.) ও শেষ কোচ ‘ণ’ থাকবে ঢাকামুখী। ১৫টি কোচে আসন সংখ্যা থাকবে ১২৩০/১২৫৪টি।





