ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিট থেকে কুয়াশার কারণে পদ্মা নদীতে নৌযান চলাচলের জন্য মার্কিন বাতি দেখা বন্ধ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচলন বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১১টা ৩০ মিনিটের পর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারে আসা বেশকিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে আটকে পাড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভূঁইয়া জানান, ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।





