Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দৌলতদিয়ায় বাসডুবিতে জাবি শিক্ষার্থী রাইয়ানসহ পরিবারের জন্য দোয়া ও স্মরণসভা

admin • 05 Apr 2026, 05:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দৌলতদিয়ায় বাসডুবিতে জাবি শিক্ষার্থী রাইয়ানসহ পরিবারের জন্য দোয়া ও স্মরণসভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান, তার মা ও ভাগ্নের মর্মান্তিক ও অকাল মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর গ্যালারিতে অর্থনীতি বিভাগের আয়োজনে এ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, অধ্যাপক ড. আয়শা সিদ্দিকা, অধ্যাপক লায়লা হাসিন, অধ্যাপক ড. আমীন মাসুদ আলী, অধ্যাপক ড. মো. শাহজাহান, সহযোগী অধ্যাপক মালা রানী দাস এবং সৈয়দা সুমাইয়া হাবীবসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

স্মরণসভায় ৫১তম ব্যাচের শিক্ষার্থী লিয়ন মাহমুদ তীব্র বলেন, রাইয়ান অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। তিনি সাংগঠনিক কাজে দক্ষ ছিলেন এবং প্রয়োজনে নিজের অর্থ ব্যয় করে অনুষ্ঠান পরিচালনা করতেন। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর এবং এই ক্ষতি অপূরণীয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাইয়ান ছিলেন বিভাগের সবার প্রিয় এবং অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। তিনি বিতর্কচর্চায় সক্রিয় ছিলেন এবং যুক্তি ও সচেতনতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখতেন। তার মৃত্যু বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, সম্প্রতি রাইয়ানের বাবার মৃত্যুর পর তার ও তার মায়ের মৃত্যু পরিবারটির জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে। আমরা গভীরভাবে শোকাহত এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন রাইয়ান ও তার পরিবারের সদস্যদের জান্নাত দান করেন এবং তাদের স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক দেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় সংঘটিত এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় রাইয়ান, তার মা ও ভাগ্নের মৃত্যু হয়। পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।