দেশে এখন আগের মতো ডলার সংকট নেই বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, আমদানি-রপ্তানিতে মনিটরিং বাড়ানো হয়েছে, পর্যালোচনা করে এলসি খোলার সুযোগ দেওয়া হচ্ছে। আজ বুধাবার বিকেলে দ্বাদশ সংসদের চলতি অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রশ্নোত্তর পর্বের শুরুতেই টানা চতুর্থবার সরকার পরিচালনার জন্য আওয়ামী লীগকে নির্বাচিত করায় ভোটাদের ধন্যবাদ জানান সরকার প্রধান। তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক সব বাধা উপেক্ষা করে, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে।
সরকার প্রধান বলেন, ‘নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র ও প্রতিবদ্ধকতা ছিল। সব উপেক্ষা করে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে জনগণ।’
এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের যে দায়িত্ব জনগণ দিয়েছে, তা যথাযথভাবে পালন করবে তাঁর সরকার। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে পণ্যের দাম বেড়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাতের সমস্যা সমাধানে দক্ষতা বাড়ানোসহ একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার।’





