Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুর্নীতি প্রতিরোধে দৃঢ় থাকা উচিত : হাইকোর্ট

admin • 27 May 2023, 08:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুর্নীতি প্রতিরোধে দৃঢ় থাকা উচিত : হাইকোর্ট

সমাজে প্রচলিত সব ধরনের দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধে সবার দৃঢ় থাকা উচিত। সেই সঙ্গে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলা দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশনা চাওয়া রিটের আদেশে একথা বলেছেন হাইকোর্ট।

 

বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচার, আত্মসাতসহ দুর্নীতির অভিযোগ উঠলে গত ১৪ মে এ রিট করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

 

পরদিন অর্থাৎ গত ১৫ মে এ রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্তা সংস্থা ফিফা ও সরকারের কাছ থেকে তহবিলে বাফুফে যে টাকা পেয়েছে, সে টাকা খরচে জালিয়াতি, আত্মসাত বা তছরুপের মতো দুর্নীতি হয়েছে কিনা, তা অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন -দুদককে এ নির্দেশ দিয়ে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

 

বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সহভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি, অর্থ আত্মসাতের অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশন -দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট -বিএফআইইউ প্রধান, জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর’র চেয়ারম্যানসহ বাফুফের কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়। দুর্নীতি প্রতিরোধের বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ভাষণ উদ্ধৃত হাইকোর্ট এ আদেশে বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন কোনো অফিস-আদালতে দুর্নীতি হলে এবং আপনাদের (জনগণের) কাছে কেউ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে তিন পয়সার একটি পোস্ট-কার্ডে লিখে আমাকে জানাবেন। আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, যাতে দুর্নীতি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।

 

উচ্চ আদালত আদেশে বলেন, ‘সুতরাং বঙ্গবন্ধুর কাছ থেকে এটা পরিষ্কার বার্তা। সমাজে প্রচলিত সব ধরনের দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধে আমাদের সবার দৃঢ় থাকা উচিত। এবং দেশের অর্থনীতিতে প্রভাব ফেলা দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।’ আদেশে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তৃতাও উদ্বৃত করা হয়েছে আদেশে।

  সুত্র: কালের কন্ঠ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।