তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জোসনা বেগম (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও থানার কাওরান বাজার শুটকি পট্টির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোসনা কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী। তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘুরেন। এর আড়ালেই তিনি তার গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। জোসনা জানান, তার স্বামী মাদকসেবী। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যান।
জোসনা গ্রেপ্তার হলে তার স্বামীই তার জামিন করান। জোসনার বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন ১০ বার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যান।





