তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাতজন প্রভাবশালী আলেম। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধি দলটি কাবুল পৌঁছায় বলে নিশ্চিত করেছে খেলাফত মজলিস।
সফরকারী দলটি আফগানিস্তানের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, শীর্ষ আলেম ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে মানবাধিকার, নারী অধিকার ও সামাজিক বাস্তবতা। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা রয়েছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করাই সফরের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের আলেম সমাজের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং কূটনৈতিক ও ধর্মীয় ঐক্য আরও জোরদার করা। এছাড়াও শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ভবিষ্যৎ সহযোগিতার পথ খোঁজা হবে বলে জানানো হয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান এলাকা পরিদর্শনের পাশাপাশি দেশটির ধর্মীয় ও সামাজিক কাঠামো বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
সফরকারী সাত আলেম হলেন- হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আব্দুল হক এবং মাওলানা মাহবুবুর রহমান।
সফরের আগে প্রতিনিধি দল ১৪ সেপ্টেম্বর সৌদি আরব যান ওমরাহ পালনে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে একাধিক বৈঠকে অংশ নেন তারা।
কাবুল সফর শেষে প্রতিনিধি দলের মধ্য এশিয়ার কয়েকটি দেশ সফরের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।





