জাপানের সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে।
এ বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। মোট ১০ জন নিয়মিত শিক্ষার্থী এ বৃত্তি পাবে। এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়নের ভিত্তিতে এ বৃত্তি পরবর্তী ৩ বছর পর্যন্ত নবায়নযোগ্য। বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচনের দায়িত্ব সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেডের।
আবেদনের যোগ্যতা:
১. আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে ।
২. আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি-তে ৪ দশমিক ৮০ জিপিএ(৪র্থ বিষয় বাদে) এবং এইচএসসি-তে ৪ দশমিক ৮০ জিপিএ(৪র্থ বিষয় বাদে) গ্রেড থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি-তে প্রাপ্ত নম্বরপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৩. আবেদনকারী শিক্ষার্থীর লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এই মর্মে বিভাগীয় চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক ইংরেজীতে একটি প্রত্যয়নপত্র আবেদন ফর্মের সঙ্গে জমা দিতে হবে।
৪. আবেদনকারী শিক্ষার্থীর অভিভাবকের আয়ের সনদের সত্যায়িত কপি আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে।
৫. ৩১/০১/২০২৫ তারিখে শিক্ষার্থীর বয়স ৩০(ত্রিশ) বছরের নিম্নে হতে হবে।
৬. যদি কোন শিক্ষার্থী সুমিতোমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড-এর বৃত্তির সমপরিমান অর্থ অন্য কোন বেসরকারী প্রতিষ্ঠান হতে বৃত্তি প্রাপ্ত হয়, তাহলে উক্ত শিক্ষার্থী এই বৃত্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না ৷
আবেদন ফরম কোথায় পাওয়া যাবে:
১. আবেদন ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখার ২১২ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://ssl.du.ac.bd ) থেকেও ফরম ডাউনলোড করা যাবে।
২. ফরম যথাযথভাবে পূরণ করে বিভাগীয় চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষরসহ রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় জমা দিতে হবে।
৩. এর পাশাপাশি, আবেদনপত্রের সঙ্গে বিভাগীয় চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক একটি ইংরেজি প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে, যাতে উল্লেখ থাকবে যে, আবেদনকারী লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী শিক্ষার্থীরা ৯ জানুয়ারি ২০২৫-এর মধ্যে আবেদন জমা দিতে পারবেন।





