আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল করিম ফারুককে ‘ডামি প্রার্থী’ লেখায় স্থানীয় একটি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে বলে 'দৈনিক ফেনীর সময়' সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার এ মানহানির মামলাটি দায়ের করা হয়।
পত্রিকাটির প্রধান প্রতিবেদক আরিফ আজমকেও মামলার বিবাদী করা হয়েছে।
পরে আদালত প্রাঙ্গণে পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে একটি প্রতিবাদ সভা করে আনোয়ারুল করিম ফারুকের অনুসারিরা।
জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট কামরুল হাসান। সভায় এমপিপ্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজুসহ আরও প্রমুখ।
এসময় বক্তারা দাবি করেন, আনোয়ারুল করিম ফারুক ‘ডামি প্রার্থী’ নন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বাছাইয়ে প্রার্থীতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আদালত কোন আদেশ দেয়নি।





