জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন। এর আগে দুপুরে উপজেলার বাঘারচর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই ব্যক্তি কুড়িগ্রামের রাজিবপুর সীমান্ত থেকে ঘুরতে ঘুরতে দেওয়ানগঞ্জে প্রবেশ করেন। তার আচরণে সন্দেহ হওয়ায় এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে পুলিশের কাছে সোর্পদ করে। আটক ব্যক্তির নাম কৃষ্ণা রাও।
তার পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালী রাও। কৃষ্ণা রাও আধো বাংলা ও আধো হিন্দি ভাষায় কথা বলছিলেন এবং তাকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। তিনি দাবি করেন, ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনের পানাবস্তি এলাকায় তার বাড়ি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন বলেন, আটক ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি বিএসএফের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে।a





