জামালপুরের বকশীগঞ্জে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জজ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জজ মিয়া উপজেলার নিলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বকশীগঞ্জ শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে নতুন সাইনবোর্ড লাগানোর কাজ চলছিল।
এ সময় দোতলার বেলকনিতে উঠে সাইনবোর্ড স্থাপন করতে গিয়ে অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারে হাত লেগে যায় জজ মিয়ার। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনায় সহকর্মী ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, জজ মিয়া সদালাপী ও পরিশ্রমী যুবক ছিলেন। কিছুদিন আগে তিনি এই প্রতিষ্ঠানে চাকরি পান এবং পরিবারের খরচ চালাতে অবদান রাখছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”





