জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু হতে পারে চীনা ভাষার কোর্স। মঙ্গলবার জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানা যায়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কনফুসিয়াস ইনস্টিটিউটের মাঝে সহযোগিতামূলক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার কোর্স খোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে উভয়েই একমত পোষণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর, পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) ড. নাছির আহমাদ এবং সহকারী প্রক্টর ড. নঈম আকতার সিদ্দিক উপস্থিত ছিলেন।





