Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চৈত্রে ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়

admin • 02 Apr 2026, 02:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চৈত্রে ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়

কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাতটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে জেলার চারপাশ। তবে ভোর থেকে জেলাজুড়ে শীত অনুভূত হয়েছে। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহনগুলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমতে থাকে। সূর্যের দেখা মেলায় মিলিয়ে যায় কুয়াশা। সকাল ৮টার পরে সূর্যের তীব্র তাপ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় একই সঙ্গে আকাশে মেঘের ঘনঘটা থাকায় তা কুয়াশা হয়ে ঝড়ে পড়ছে।

উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন সপ্তাহ ধরে ঋতু বৈচিত্র্য ব্যাপক পরিবর্তন দেখা গেছে। দিনভর মেঘলা আকাশ আবারও কখনো রাতভর ভারী বৃষ্টি হচ্ছে এই মৌসুমে। যেখানে গত কয়েক বছর আগেও ঋতু বৈচিত্র্যে চৈত্রের কাঠফাটা রোদে মানুষের নাভিশ্বাস উঠেছিল। বৃষ্টির প্রার্থনায় মানুষ নামাজ পড়েছিল। সেখানে চলতি মৌসুমে চৈত্রের শেষে ভারী বৃষ্টিতে গম, ভুট্টা, মরিচসহ নানা রবিশস্য ক্ষতির মুখে পড়েছে।

সদর উপজেলার নলেহাপাড়া এলাকার কৃষক শহীদুল ইসলাম বলেন, গত কিছুদিনের বৃষ্টিতে আমাদের আলু, মরিচ, গম, ভুট্টা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই মৌসুমে আগে কখনো এত বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকালে তো ঘন কুয়াশা দেখা গেছে। যেটা অগ্রহায়ণ মাসে দেখা যেতো। আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল বলেন, আবহাওয়া আর আগের মতো নাই। আগের দিন বাঘে খেয়েছে। চৈত্র মাসে কুয়াশা এটা অবিশ্বাস্য, আমার জীবনে কখনো দেখিনি। আমরাতো কয়েকদিন আগে দিনের বেলাতেও গায়ে জ্যাকেট, সোয়েটার আর রাতের বেলা কম্বল মুড়িয়ে ঘুমিয়েছি। যেখানে এই সময় আগে গরমে ফ্যান না চালালে থাকা যেত না। যুগের পরিবর্তনে সবই বদলে গেছে।

পঞ্চগড় মহিলা কলেজের ভুগোল বিভাগের প্রধান তৌহিদুল বারী বাবু বলেন, চৈত্র মাসের চিত্র অনেক পরিবর্তন হয়েছে। ঋতু বিচিত্র এক মাসের এগিয়ে গেছে। চৈত্রে তীব্র গরমের বদলে শীতল আবহাওয়া বিরাজমান এবার। মানুষের রোগবালাই বাড়ছে। প্রকৃতির পরিবর্তন কিংবা জলবায়ু পরিবর্তন আমাদের দীর্ঘ ভোগান্তি তৈরি করবে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এই মৌসুমে হঠাৎ কুয়াশার কারণ হলো বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি এবং তাপমাত্রা কমে গিয়ে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা বেশ কাছাকাছি অবস্থান, জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়া প্রধানত মূল কারণ, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে শীতলতার সংস্পর্শে আসে ঠিক তখনই জলীয় বাষ্প জমে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এরপর ঘন কুয়াশায় পরিণত হয়। এটার কয়েকটা মূল কারণ হচ্ছে দক্ষিণা বাতাস, মৌসুমি বায়ুর সক্রিয়তা, দিন এবং রাতের তাপমাত্রা কমে যাওয়া, হঠাৎ বৃষ্টি হওয়া, বেশি সময় ধরে আকাশে মেঘের অবস্থান ইত্যাদি। এটাকে সাধারণত স্টিম ফগ বা বাষ্পীয় কুয়াশা বলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।