নেত্রকোণার মোহনগঞ্জে ঘরে ঢুকে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার একই গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া উপজেলার পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শনিবার দুপুরে তার মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বরাতে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই শিক্ষার্থী। এদিন তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। এ সময় উজ্জ্বল ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ধর্ষণের পর পালিয়ে যান।
আজ রোববার সকালে উজ্জ্বলকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ওই শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য নেত্রকোণায় পাঠানো হবে।





