Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গাজীপুরে ককটেল ফাটিয়ে দুই কাভার্ড ভ্যানে আগুন

admin • 30 Nov 2023, 09:59 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুরে ককটেল ফাটিয়ে দুই কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এ কাজটি করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

   

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

   

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

   

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, আজ সকাল সোয়া ৬টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

   

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সকালে কে বা কারা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।