নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না।
তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।’
রবিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।’
বিএনপি-জামায়াত ধ্বংসের কাজ করে উল্লেখ করে জনসভায় শেখ হাসিনা বলেন, ‘দেশে আধুনিক প্রযুক্তি করা হয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করি।
আপনারা নিশ্চয়ই গত ১৫ বছরে দেশের উন্নয়ন দেখেছেন। আমাদের উন্নয়ন গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রতিটি গ্রাম হবে শহর। কোনো মানুষ ঘরহীন থাকবে না।’ মঞ্চে উঠেই নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্লোগান নয়, ভোট দরকার।
আপনাদের কাছে ওয়াদা চাই। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।’





