কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভী নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে সহপাঠী রিজভীর সন্ধানের দাবিতে বিক্ষোভ শুরু করে সেখানে অধ্যায়নরত আবাসিক শিশুরা। তারা শারীরিক নির্যাতন ও খাবার কম দেওয়াসহ নানা অভিযোগ করে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে।
অভিযোগ নিয়ে সেখানে এসেছিলেন রিজভীর মামা লোকমান হোসেন। তিনি বলেন, গত ৪ নভেম্বর খুলনা থেকে একটা কল আসে মোবাইল ফোনে। তারা আমাকে জানায় ট্রেনের মধ্যে রিজভীর ব্যাগ পাওয়া গেছে। এরপর আমরা উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে জানাই। পরে আমাদের চাপে তিনি থানায় জিডি করেছেন। আমরা দ্রুত রিজভীর সন্ধান চাই।





