Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে প্রাণ হারালেন ছোট ভাই,বড় ভাই আহত

admin • 26 Jan 2024, 09:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে প্রাণ হারালেন ছোট ভাই,বড় ভাই আহত

কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে আসিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই আকিব গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ সংলগ্ন কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আসিফ ও আকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি খালপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আসিফ চুয়াডাঙ্গা পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসিফ ও আকিব চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর মাঠপাড়া এলাকায় তাদের চাচাতো বোনের ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে এসেছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশের একটি চেকপোস্টে তাদের থামতে বলা হয়।

 

কিন্তু তাদের মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় তারা পালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক আসিফ ও তার ভাই আকিব গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। আর আকিব গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, হালসা এলাকায় পুলিশের চেকপোস্ট ছিল। ভয়ে পালানোর সময় বাক্স ব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।