Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, তদন্ত কমিটি গঠন

admin • 01 Apr 2026, 08:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমিল্লায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, তদন্ত কমিটি গঠন

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় যাত্রীবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এ ঘটনায় ওই রুটে সাময়িক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

বুধবার (১ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেলস্টেশনের অদূরে হাসানপুর-গুনবতী মধ্যবর্তী স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিন।
এ ঘটনায় রেলওয়ের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের অদূরে হাসানপুর-গুনবতী রেলপথের মধ্যবর্তী স্থানে চলন্ত উদয়ন এক্সপ্রেসের একাংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে য়ায়।
এতে ট্রেনের সামনের অংশটি প্রায় এক কিলোমিটার এগিয়ে যাওয়ায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের চিৎকারে চালক বিষয়টি টের পেয়ে দ্রুত ট্রেন থামান। পরে ট্রেনে থাকা রেলওয়ে কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
ঘটনার পরপরই একই লাইনে চলাচলকারী একটি ঢাকা-চট্টগ্রামগামী ট্রেন নাঙ্গলকোট স্টেশনে আটকা পড়ে, ফলে সাময়িকভাবে চট্টগ্রামমুখী রেল চলাচল ব্যাহত হয়। এ বিষয়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপরও ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমাদিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।